প্রসঙ্গ: স্মার্ট অর্থনীতির মেরুদণ্ড

৪ মে, ২০২৩ ১২:৫১  

স্মার্ট বাংলাদেশের চালিকা শক্তি স্মার্ট ইকোনমি হবে উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট উদ্যোক্তারা হবেন স্মার্ট ইকোনমির মেরুদণ্ড।

তিনি বলেছেন, দেশে বর্তমানে ২ হাজার ৫’শ র্স্টার্টআপ রয়েছে যারা ১৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে। আমাদের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে দেশের আইটি সেক্টরে স্টার্টআপ ৫ হাজারে উন্নীত করা। এর মাধ্যমে ৩০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ২০৪১ সালের মধ্যে এ সেবা খাত থেকে জিডিপিতে অবদান হবে ২০ শতাংশ।

প্রতিমন্ত্রী বলেন, উদ্যোক্তা তৈরিতে আমরা পুঁজি, প্রযুক্তি এবং প্রশিক্ষণ এই তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। চমৎকার বিজনেস মডেল, ভ্যায়াবল প্রোডাক্ট এবং ফটো টাইপ সম্পন্ন উদ্যোক্তাদের আইসিটি বিভাগ থেকে এক লাখ থেকে দশ লাখ পর্যন্ত অফেরৎযোগ্য ফান্ড দেওয়া হবে বলে তিনি জানান। স্মার্ট উদ্যোক্তারা ঝুঁকি নেবে উল্লেখ করে পলক বলেন, আমরা জাতিগতভাবে সাহসী, উদ্ভাবনী, সৃজনশীল, পরিশ্রমী মেধাবী এবং ঝুঁকি নিতে ভয় করি না।

পলক আরো বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে অল্টারপ্রেনিয়র সাপ্লাই চেইন করা। জব সিকার মাইন্ডসেট পরিবর্তন করে, জব ক্রিয়েটার মাইন্ডসেট তৈরি করতে পারলেই ২০৪১ সালের মধ্যে স্মার্ট ইকোনমি গড়ে উঠবে। আলিয়া ও কওমী মাদরাসার ৫০ লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করে প্রতিটি মাদরাসায় স্মার্ট এমপ্লয়মেন্ট ফেস্টিভ্যাল করা হবে। এছাড়াও বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মধ্যে ১০০ নারী উদ্যোক্তাদের মাধ্যমে ৫০ লাখ টাকা বিতরণ করা হবে বলে তিনি জানান।